যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চৌগাছা ও কোতয়ালী থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে, ডিবি যশোরের এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালায়। দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে কামাল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ফারুক মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের শাহাজান মন্ডলের ছেলে।
দ্বিতীয় অভিযানে, বিকেল সোয়া ৪টার দিকে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির অপর একটি দল যশোর সদর উপজেলার আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. আলমগীর হোসেন ওরফে মহি পাগলাকে (৫০) একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।
আটক আলমগীর হোসেন শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়ার মৃত কুদ্দুস সরদারের ছেলে। পুলিশ জানায়, সে এলাকার একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















