নওয়াপাড়ার ভ্যানচালক মিলন শেখ হত্যা মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত শেষে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজীদ মোল্লা।
অভিযুক্তরা হলেন—অভয়নগরের বাশুয়াড়ি গ্রামের কেরামত মোল্লার ছেলে আশানুর মোল্লা, মৃত হাকিম শেখের ছেলে লিটন শেখ, কোদলা পশ্চিমপাড়ার তরিকুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন এবং খুলনার ফুলতলার পয়গ্রামের ধীরেন ঠাকুরের ছেলে সঞ্জয় ঠাকুর।
মামলার নথি অনুযায়ী, মিলন শেখ এবং তার বাবা নওয়াপাড়া শহরে ভ্যান-রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২৫ সালের ১১ আগস্ট রাতে মিলন ইজি রিকশা নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরদিন সকালে স্থানীয়রা শংকরপাশা গ্রামের বিলপাড়গামী কাঁচা রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। একই সঙ্গে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ইজি ভ্যানটি নিয়ে গেছে।
এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম শেখ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘরের মেঝের মাটির নিচ থেকে মিলনের ইজি ভ্যানের খোলা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া আশানুর মোল্লার দেওয়া তথ্য অনুযায়ী ব্যাটারিও উদ্ধার করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের জবানবন্দি, জব্দকৃত আলামত এবং সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব প্রমাণের ভিত্তিতে চারজনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।




















