দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল ও মে মাসের চাহিদার বিপরীতে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জুন মাসের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।
এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণ যথেষ্ট।
সরকারের এই পদক্ষেপ ও মজুত পরিস্থিতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




















