যশোর শহরে পারিবারিক কলহের জেরে আপন ছোট বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টার দিকে শহরের ঝুমঝুমপুর সরকারি স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুমাইয়া খাতুন আখি ওই এলাকার মৃত মনিরুজ্জামান বাবুর মেয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বড় ভাই রাসেল শেখের সঙ্গে আখির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাসেল ঘরে থাকা একটি হাতুড়ি দিয়ে তার বোনের মাথায় সজোরে আঘাত করেন। এতে আখি গুরুতর রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পারিবারিক বিরোধের এমন ভয়াবহ পরিণতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত রাসেল শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















