যশোরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ৯ দিন পার হলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত কিশোরীকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নিখোঁজ বৈশাখী রানী (১৫) সদর উপজেলার ফতেপুর দাসপাড়া এলাকার দেবদাস বিশ্বাসের মেয়ে। তিনি স্থানীয় ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কনক কুমার দাস (২২)-এর সঙ্গে বৈশাখীর পরিচয় হয়। এরপর থেকেই কনক তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে এবং বিয়ের প্রলোভন দেখায়। গত ৮ এপ্রিল সকালে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে করে কনক ও তার সহযোগীরা বৈশাখীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও বৈশাখীর কোনো সন্ধান পাননি। স্বজনদের দাবি, অভিযুক্ত কনকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। অপহরণের পর দীর্ঘ সময় পার হওয়ায় মেয়েটির নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছে পরিবার।
বৃহস্পতিবার দুপুরে ফতেপুর গ্রামের নারী-পুরুষরা দলবদ্ধভাবে থানায় গিয়ে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত পুলিশ দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি।
বিষয়ে কোতোয়ালি মডেল থানা সূত্র জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত ছাত্রীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




















