বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস (মূল) দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ এক সশস্ত্র সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানানো হয়।
আইএসপিআর জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, মুরং বাজার এলাকায় জেএসএস (মূল) দলের সদস্যরা অবৈধ চাঁদা আদায় করছে। তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে এবং টহল দলের ওপর অতর্কিত গুলি বর্ষণ করে।
সেনাবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা একটি স্কুল ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর ব্যাপক চাপের মুখে তারা টিকতে না পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনাস্থল তল্লাশি করে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামক এক সশস্ত্র সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সেনাবাহিনী। তাকে প্রাথমিক চিকিৎসার পর পুলিশের সহায়তায় দ্রুত বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে নিচের সরঞ্জামাদি জব্দ করা হয়:
১টি সাবমেশিনগান (SMG)১৪৩ রাউন্ড SMG অ্যামোনিশন
১৪ রাউন্ড পিস্তল অ্যামোনিশন৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
সেনাবাহিনীর বার্তা
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা বদ্ধপরিকর। পাহাড়ে শান্তি বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা বন্ধে আগামীতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।




















