যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারীর নাম রুপিয়া খাতুন (৪০)। তিনি সাতক্ষীরা জেলা সদর উপজেলার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার কায়বা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই নারীর কাছ থেকে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য
“দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান বন্ধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জনস্বার্থে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
>
আটককৃত নারীকে ইয়াবাসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।





















