ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আসাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আসাদ উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মহেশপুর উপজেলা সদরে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভা ও মিছিলে অংশ নিতে যান আসাদসহ গ্রামের বেশ কয়েকজন। কর্মসূচি শেষে সন্ধ্যায় তারা একটি পাওয়ার ট্রিলারে করে নিজ গ্রামে ফিরছিলেন।
পথিমধ্যে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী থ্রিহুইলারের সঙ্গে তাদের পাওয়ার ট্রিলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রিলারে থাকা আসাদসহ পাঁচজন যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্য চারজন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল ও আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ঘাতক যানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















