যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে আল আমিন (২০) নামে এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বল্লবপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত আল আমিনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লবপুর গ্রামের শাহাজান আলীর ছেলে আল আমিনের সাথে একই এলাকার আহম্মদ আলীর স্ত্রী আমেনার (৩৫) দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ উঠেছে, ঘটনার রাতে অসামাজিক কর্মকাণ্ডের প্রলোভন দেখিয়ে আল আমিনকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন আমেনা। আল আমিন সেখানে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা আমেনা ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি করা হয়।
আহত আল আমিনের চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আল আমিনের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
এই ঘটনাকে কেন্দ্র করে বল্লবপুর গ্রামে চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আমেনা ও তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা মৌখিকভাবে অবগত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















