নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই আদেশ জারি করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় সরজমিনে পরিদর্শনে গিয়ে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান। প্রতিবেদনে জানানো হয়েছে, সাবিরা সুলতানার নির্বাচনী প্রচারণায় ধানের শীষ প্রতীকের অসংখ্য রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা স্পষ্টত দণ্ডনীয় অপরাধ।
এই অপরাধের প্রেক্ষিতে সাবিরা সুলতানাকে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যশোরের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় কঠোর অবস্থানে থাকবে কমিশন।





















