স্ত্রী ও নয় মাস বয়সী শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় মানবিক দিক বিবেচনা করে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ প্রদান করেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে তার পাশেই পড়ে ছিল তাদের ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলে।
কারাগারের ফটকে শেষ বিদায়
উল্লেখ্য, জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ব্যবস্থায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে নিয়ে আসা হয়। সেখানে তিনি শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ পান।
আদালত সূত্র জানিয়েছে, পরিবারের দুই সদস্যের অকাল মৃত্যুতে সাদ্দামের মানসিক অবস্থা এবং মানবিক পরিস্থিতির কথা বিবেচনা করেই আদালত তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন।





















