নিজের প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে জীবদ্দশায় আমৃত্যু আর্তমানবতার সেবা করেছেন। মৃত্যুর পরও নিজেকে বিলিয়ে দিলেন মানবকল্যাণে। জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য যশোর মেডিকেল কলেজে দান করা হয়েছে।
(২৫ জানুয়ারি) সকাল ১০টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. শরিফুল আলম খানের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে নিহতের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত আরজুর স্ত্রী মেরীনা আখতার, ভাই মোস্তফা কামাল এবং কন্যা নিবেদিতা নার্গিস।
যশোর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই মহতী ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জানায়, এই মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেহ হস্তান্তরের আগে সকাল সাড়ে ৮টা থেকে যশোর শহরের মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয়ে প্রয়াত আরজুর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হয়। সেখানে সংস্থাটির বিভিন্ন জোন ও অঞ্চলের প্রতিনিধি ছাড়াও শিশু নিলয় ফাউন্ডেশন, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, বিএসআরএমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৯টায় কার্যালয় প্রাঙ্গণে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ৫২টি জেলা থেকে আগত জেসিএফ-এর কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) বাদ আসর মুজিব সড়কস্থ জেসিএফ প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সকলকে এই মাহফিলে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এই কর্মবীর শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই মরদেহ দানের সিদ্ধান্ত যশোরের সুধীসমাজে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।





















