বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এসব অভিযানে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে: মাদকদ্রব্য: উইনসেরেক্স (WINCEREX) নামক কাশির সিরাপ।: ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর ও কম্বল।: বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী।
বিজিবি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন:
“দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছে। তাদের আটকের লক্ষে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চলছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফলতা।”
সীমান্তকে অপরাধমুক্ত রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।





















