আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে অবৈধ অস্ত্রের আনাগোনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাইকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থান নিয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি।
রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার এবং বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে মুনতাসিরুল আলম অনিন্দ্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, অনিন্দ্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
চলমান অভিযানে একের পর এক অস্ত্র উদ্ধার
গত ডিসেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে:
* ১২ জানুয়ারি: রাজশাহী নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার।
* ৫ ডিসেম্বর: বাঘার জোত কাদিরপুর এলাকায় র্যাবের অভিযানে দুটি ওয়ান শুটারগান ও হেরোইন উদ্ধার।
* সীমান্ত এলাকা: তানোর, কাটাখালী ও শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র্যাবের একাধিক অভিযানে পিস্তল ও ওয়ান শুটারগান জব্দ।
বিজিবির তথ্যমতে, গত ছয় মাসে শুধু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেই ১২টি আগ্নেয়াস্ত্র, ৪১টি গুলি এবং সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করা হয়েছে।
নিরাপত্তায় বিজিবি ও পুলিশের কঠোর অবস্থান
পরিস্থিতি মোকাবিলায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট দিয়ে নিছিদ্র নজরদারি চালাচ্ছে বিজিবি। ১-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, নির্বাচন উপলক্ষে সাত শতাধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, “পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় আমরা বিশেষ অভিযানে নেমেছি। ইতোমধ্যে বেশ কিছু বড় চালান ধরা পড়েছে। ভোটের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।”
নির্বাচনে প্রভাব ফেলবে না অবৈধ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কিছু অবৈধ অস্ত্র এখনো বাইরে থাকলেও সেগুলো উদ্ধারে প্রশাসন প্রতিদিন কাজ করছে। তিনি আশ্বস্ত করে বলেন, “যেসব অস্ত্র বাইরে রয়েছে, সেগুলো নির্বাচনে ব্যবহারের কোনো সুযোগ পাবে না। পাচার হওয়া অস্ত্রগুলো নিয়মিত ধরা পড়ছে।”





















