বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী বিভক্তির বাংলাদেশ নয়, বরং ঐক্যের বাংলাদেশ গড়তে চায়। দেশের শিক্ষিত বেকার যুবকদের স্রেফ ভাতা দিয়ে অপমান না করে, তাদের দক্ষ প্রশিক্ষণ ও বিদেশে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে রূপান্তর করাই তাঁর দলের লক্ষ্য।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যুব সমাজকে আর বেকারের মিছিলে দেখতে চাই না। তাদের শক্তিতে রূপান্তর করতে চাই যেন তারা বিদেশে গিয়েও সম্মানের সাথে আয় করতে পারে।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি দেশ গড়তে চায় যেখানে চোর, ডাকাত, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য থাকবে না। দেশের এক ইঞ্চি ভূখণ্ডও কারও কাছে বন্ধক রাখা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নির্বাচনী জনসভায় বগুড়ার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন আমিরে জামায়াত। তিনি ঘোষণা করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে:
* বগুড়াকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।
* বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে।
* একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ও আলাদা মাদ্রাসা বোর্ড স্থাপন করা হবে।
* সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ বাস্তবায়ন এবং বগুড়া বিমানবন্দর দ্রুত সংস্কার করে বিমান চলাচলের ব্যবস্থা করা হবে।
ভোট কেন্দ্র রক্ষা ও নির্বাচনী দিকনির্দেশনা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “কোনো দুর্বৃত্ত যেন ভোট সেন্টার দখল করতে না পারে। অতীতে নির্বাচনের নামে যে ধোঁকা দেওয়া হয়েছে, তার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।” তিনি ইনসাফের সমাজ গড়তে সবাইকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীদের কর্মস্থল ও চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে আলতাফুন্নেছা মাঠে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে পুরো শহর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ স্থানীয় সংসদ সদস্য পদপ্রার্থীরা।





















