নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালাতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আচরণবিধি ভঙ্গের বিষয়ে কথা বলতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, “আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখবেন।” এ সময় তিনি আরও বলেন, “আমি কোনো দলের নই, আমার আলাদা পরিচয় আছে।”
ভিডিওতে রুমিন ফারহানাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা যায়, “আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করছি। এ ধরনের কথা আর শুনতে চাই না। আজ ভদ্রভাবে কথা বলছি, পরে তা নাও হতে পারে।”
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান জানান, নির্বাচন বিধিমালার ১৮ ধারা লঙ্ঘন করে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়। বিষয়টি অবৈধ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ না করার নির্দেশ দেওয়া হয়। পরে সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, সমাবেশ বাতিল করে চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পুরো বিষয়টি তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন।





















