বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিনে তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত। বিকেল ৪টার দিকে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশান কার্যালয়ে পৌঁছান। বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।
নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পরপরই বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বৈঠকে রাষ্ট্রদূতরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবগত হন। এ সময় বিএনপি নেতারা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।





















