সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি ‘মাদেন’ দেশজুড়ে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণের মজুদের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ ও বৈশ্বিক মানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যেই এই অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়।
মাদেন জানায়, প্রাথমিকভাবে পরিকল্পিত ড্রিলিং কার্যক্রমে প্রায় ৯০ লাখ আউন্স স্বর্ণের অস্তিত্ব শনাক্ত হলেও বার্ষিক হিসাব ও সমন্বয়ের পর নিট ৭৮ লাখ আউন্স স্বর্ণের মজুদ নিশ্চিত করা হয়েছে।
কোম্পানির তথ্যমতে, মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও—এই চারটি এলাকায় নতুন স্বর্ণের মজুদের সন্ধান মিলেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে মানসুরা মাসারাহ প্রকল্পে, যেখানে গত বছরের তুলনায় মজুদ বেড়েছে প্রায় ৩০ লাখ আউন্স। পাশাপাশি উরুক ২০/২১ ও উম্ম আস সালাম প্রকল্পে মিলেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও এলাকায় প্রথমবারের মতো পাওয়া গেছে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ।
মাদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই অর্জন আমাদের দীর্ঘমেয়াদি কৌশল এবং সৌদি আরবের খনিজ সম্পদকে কার্যকরভাবে কাজে লাগানোর পরিকল্পনার প্রতিফলন। এটি প্রমাণ করে যে অনুসন্ধান ও বিনিয়োগ কার্যক্রম মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও জানান, চারটি প্রকল্পে ড্রিলিংয়ের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি স্বর্ণের মজুদ আবিষ্কার মাদেনের স্বর্ণ পোর্টফোলিওর সম্প্রসারণ ও ভবিষ্যৎ সম্ভাবনার স্পষ্ট ইঙ্গিত। এই সম্পদ ভবিষ্যতে কোম্পানির নগদ প্রবাহ ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদেন ২০২৬ সাল থেকে মধ্য সৌদি আরবের স্বর্ণসমৃদ্ধ অঞ্চলে উন্নত ড্রিলিং প্রযুক্তি ব্যবহার করে নতুন খনিজ অঞ্চল অনুসন্ধানের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি ঐতিহাসিক মাহদ খনি এলাকায় অনুসন্ধান চালিয়ে নতুন খনিজ স্তরের সন্ধান পাওয়া গেছে, যা খনিটির উৎপাদনকাল বাড়াতে সহায়ক হবে।
মানসুরা মাসারাহ প্রকল্পে বর্তমানে আনুমানিক ১১ কোটি ৬০ লাখ টন আকরিক মজুদ রয়েছে, যেখানে প্রতি টন আকরিক থেকে গড়ে ২ দশমিক ৮ গ্রাম স্বর্ণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ড্রিলিংয়ের ফলে এখানে নিট স্বর্ণের মজুদ গত বছরের তুলনায় ৩০ লাখ আউন্স বেড়েছে এবং গভীর স্তরে আরও আকরিক পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে বব উইল্ট জানান, তামা ও নিকেলের প্রাথমিক অনুসন্ধানেও ইতিবাচক ফল মিলছে, যা মাদেনের ব্যবসা বহুমুখীকরণ ও বৃহৎ খনিজ সম্পদ উন্নয়নের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
মাদেনের লক্ষ্য সৌদি আরবে ক্রমবর্ধমান স্বর্ণ শিল্পের পাশাপাশি বিভিন্ন খনিজ সম্পদের একটি শক্তিশালী ও টেকসই পোর্টফোলিও গড়ে তোলা।





















