যশোরে যৌন নির্যাতনের শিকার শিশুদের অনুসন্ধান, উদ্ধার এবং শিশুবান্ধব আদালত পদ্ধতি নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা পুলিশের কর্মকর্তাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতা করেছে নেদারল্যান্ডসের ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এবং ফ্রি অ্যা গার্ল।

কর্মশালায় মূলত মেয়ে শিশু ভিকটিমদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং বিকল্প পন্থায় সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে যশোর জেলার বিভিন্ন থানার মোট ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন:
“প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের অত্যন্ত সজাগ ও সোচ্চার থাকতে হবে। নির্যাতিত শিশুদের সঙ্গে বন্ধুবৎসল আচরণ করতে হবে এবং তাদের আইনি ও মানসিক সহযোগিতায় সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় বাড়িয়ে শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব আহসান হাবীব। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসিডি’র কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও মানতাকা আকতার।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা নির্যাতিত শিশুদের উদ্ধার এবং আইনি প্রক্রিয়ায় আরও বেশি সংবেদনশীল ও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।





















