: খুলনার খানজাহান আলী থানাধীন যাবদিপুর বাজারে দুর্বৃত্তদের গুলিতে রানা (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে জনাকীর্ণ বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত রানা আড়ংঘাটা থানার তেলীগাতি এলাকার হোসেন গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রানা যাবদিপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। একটি গুলি তার বাম হাতে এবং অপরটি পিঠে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রানাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশি অভিযান ও অস্ত্র উদ্ধার
ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালিয়ে পুলিশ সেখান থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি দেশি তৈরি ‘শার্টার গান’ ও তাজা গুলি উদ্ধার করেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, “হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রটি ফেলে গেছে। আমরা সেটি জব্দ করেছি। অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।”
পূর্ব শত্রুতার জেরে এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।





















