ইন্দোনেশিয়ার সুলাভেসি দ্বীপে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৬ জন বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দগ্ধ অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ৩১ মিনিটে উত্তর সুলাভেসি প্রদেশের রাজধানী মানাডো শহরের ‘পান্তি ওয়ের্ধা দামাই’ (Panti Werdha Damai) নামক একটি বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
মানাডো সিটির ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিমি রোটিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধাশ্রমের অধিকাংশ বাসিন্দা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। নিহতদের বেশিরভাগেরই মরদেহ কক্ষের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। অনেকে শারীরিক অক্ষমতা বা বার্ধক্যজনিত কারণে সময়মতো কক্ষ থেকে বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই বৃদ্ধাশ্রমে ৩৫ জন বাসিন্দা ছিলেন। উদ্ধারকর্মীরা ১২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মানাডো সিটি রিজিওনাল হাসপাতাল ও পারমাতা বুন্দা হাসপাতালে স্থানান্তর করেছেন। নিহত ১৬ জনের পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো বর্তমানে স্থানীয় ভায়াংকারা হাসপাতালে রাখা হয়েছে।:
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ এবং ফরেনসিক দল তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ইন্দোনেশিয়ায় জরাজীর্ণ অবকাঠামো এবং অগ্নি-নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। চলতি ডিসেম্বর মাসেই জাকার্তায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছিলেন। এই ধারাবাহিক দুর্ঘটনায় দেশটির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।





















