জুলাই বিপ্লবের অন্যতম বীর যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় আজ যশোরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (২০ ডিসেম্বর) যোহরের নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জানাজা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টা থেকেই যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসল্লি ও সাধারণ মানুষের জমায়েত শুরু হবে। যোহরের জামাত শেষে শহিদ হাদীর স্মরণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে। এরপরই উপস্থিত সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজা আদায় করা হবে
গায়েবানা জানাজা সফল করতে ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মীসহ সাধারণ ছাত্র-জনতা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আয়োজকদের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, “শহিদ ওসমান হাদী ছিলেন জুলাই আন্দোলনের এক আপসহীন কণ্ঠস্বর। তার সাহসী নেতৃত্ব আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের দেশপ্রেমিক মানুষকে আজ দুপুর ১টার মধ্যে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে শহিদের রুহের মাগফিরাত কামনায় শামিল হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই বীর যোদ্ধার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শুক্রবার তার মরদেহ দেশে পৌঁছানোর পর আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা এবং কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন প্রান্তের মতো যশোরেও এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।
যশোরের এই জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে আজ শহিদ ওসমান হাদীর গায়েবানা জানাজা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৬৬৮
সর্বাধিক পঠিত





















