যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার বাসিন্দা মিন্টুর ছেলে।
যেভাবে ঘটনাটি ঘটে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় তানভীরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ হাসপাতালে পৌঁছায়। সেখানে নিহত তানভীরের পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্য

বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, তানভীর ক্যাম্পের পেছনের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন। পরে কয়েকজন নারী তাকে রিকশায় তুলে হাসপাতালে পাঠান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “রাত সোয়া ১২টার দিকে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। সাড়ে ১২টার দিকে একজন রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আমরা তদন্ত শুরু করেছি।”
হত্যার নেপথ্যে যা থাকতে পারে
থানা সূত্রে আরও জানা যায়, হত্যার ঘটনার কয়েক ঘণ্টা আগে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়েছিল। সেই অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবক আটক হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই অভিযানে তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরেরই ছিল। তানভীর পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।
পুলিশ ঘটনার মূল কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।




















