সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর গতকাল শনিবার সকালে অল্প অল্প কথা বলেছেন। চিকিৎসক ও পরিবার-ঘনিষ্ঠ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনের তুলনায় তাঁর অবস্থার সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট এখনও কাটেনি। তাঁর অবস্থার অবনতির প্রধান কারণ হলো কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়া। এ কারণে তাঁকে গত চার দিন ধরে টানা ডায়ালাইসিসে রাখা হয়েছে। শরীরে অতিরিক্ত তরল জমার ফলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা আরও জটিল হয়েছিল। যদিও তিনি সচেতন ছিলেন, কিন্তু জটিলতার কারণে তিনি সাড়া দিচ্ছিলেন না।
পরিবার-ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সামান্য কথা বলার বিষয়টিকে চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, এখনও যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
এই জটিল পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিনস হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর উন্নত চিকিৎসার জন্য আবারও বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা বিমান যাত্রার ধকল সামলানোর জন্য কতটা সক্ষম, তার ওপর।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার রাতে বিএনপি নেতারা তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিলেন।
০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া: ৩ দিন পর সামান্য কথা বললেন,
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৩৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- ৫৪৭
সর্বাধিক পঠিত




















