শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় শাহাবুদ্দিন বিশ্বাস (৬০) নামে আওয়ামী লীগের এক সাবেক ওয়ার্ড সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শার্শা থানার লক্ষণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন বিশ্বাস শার্শা উপজেলার লক্ষণপুর পূর্বপাড়া গ্রামের মৃত মইউদ্দিনের ছেলে। তিনি লক্ষণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে শাহাবুদ্দিন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। মামলার নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতার শাহাবুদ্দিন বিশ্বাসকে শুক্রবার যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















