ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. আনোয়ারুল ইসলাম (৩৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মো. রিটন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে চলন্ত ট্রেনের ছাদে দুর্বৃত্তরা আনোয়ারুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাঁকে ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় রেললাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন স্থানীয় তরুণ মাহিয়া ও তাঁর বন্ধুরা। হঠাৎ এক যুবকের চিৎকার ও ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় আনোয়ারুলকে পড়ে থাকতে দেখেন। তাঁর পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল।
পরে মাহিয়া ও তাঁর বন্ধুরা দ্রুত তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক জানান, আহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



















