যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণবারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণবারটির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে পাকা সড়কে অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন জালাল উদ্দিন শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণবার উদ্ধার করা হয়।
এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণবারটির আনুমানিক মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা। নগদ অর্থসহ সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট আনুমানিক মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল উদ্দিন শেখ জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবারটি নিয়ে যাচ্ছিলেন।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণবারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্ত দিয়ে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে শার্শা থানায় হস্তান্তর করা হয়।
সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















