মেহেরপুরের মুজিবনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রশিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রশিকপুর গ্রামের এরশাদ আলী, মাহাতাব উদ্দিন ওরফে পচা এবং আসলাম হোসেন। তাঁদের মধ্যে এরশাদ আলী মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং আসলাম হোসেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে প্রার্থিতা ঘোষণা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ এবং মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-পাল্টা হামলায় এরশাদ আলী, আসলাম হোসেন ও মাহাতাব উদ্দিন আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহতদের পরবর্তী সময়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক পূর্বশত্রুতা ও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় বিরোধ থেকে সংঘটিত এ সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।




















