নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:
দেশের উন্নয়নের স্বার্থে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা বাড়াতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরে বেনাপোলে সাংবাদিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর পরিচালনায় বিভিন্ন সমস্যা, অনিয়ম এবং উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুর রহমান সবাইকে স্বাগত জানান। তিনি বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেনাপোল বন্দর ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের ওপর পড়বে না, বরং সংশ্লিষ্ট সব পক্ষকেই ক্ষতির মুখে পড়তে হবে। ব্যবসা ভোমরা বন্দরে চলে গেলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন বলেও তিনি মন্তব্য করেন। বিষয়গুলো নিয়ে কাস্টমস কমিশনার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন তিনি।
সভায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. আবু তাহের ভারত বেনাপোল বন্দরে আসা ভারতীয় ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন। তার দাবি, প্রতিটি ভারতীয় ট্রাক থেকে অবৈধভাবে ৯৭০ টাকা করে বাড়তি টোল নেওয়া হচ্ছে। প্রতিদিন ৩৫০ থেকে ৪০০টি ট্রাক আসায় এর পরিমাণ মাসে প্রায় কোটি টাকায় দাঁড়ায় বলে তিনি দাবি করেন। এ অভিযোগের পক্ষে তার কাছে ডকুমেন্ট ও ভিডিও প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।
আবু তাহের ভারত আরও দাবি করেন, অতিরিক্ত খরচের কারণে অনেক আমদানি-রপ্তানিকারক বেনাপোলের পরিবর্তে ভোমরা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।
এ সময় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি খাইরুজ্জামান মধু বলেন, কোনো ব্যক্তির পকেটে অবৈধভাবে অর্থ যাওয়ার পক্ষে তিনি নন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব হোসেন পক্ষী বলেন, অনেক সময় সংবাদ প্রকাশের কারণে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বন্দরের কার্যক্রম গতিশীল করতে সাংবাদিকদের দেওয়া বিভিন্ন প্রস্তাব অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাস্তবায়িত হয়নি বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি পোর্ট শেডে প্রকৃত পণ্যের পরিবর্তে নিম্নমানের বা ভিন্ন পণ্য রাখার বিষয়ে স্টোরকিপারদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সাংবাদিকদের সংবাদ প্রকাশে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। ছোটখাটো অনিয়মকে অতিরঞ্জিত না করে কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক—সব পক্ষের বক্তব্য নিয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল হোসেন অভিযোগ করেন, কিছু সাংবাদিক ও স্বার্থসংশ্লিষ্ট মহল বন্দরের অনিয়ম নিয়ে একতরফাভাবে সংবাদ প্রকাশ করছেন। এতে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি দাবি করেন।
প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুবও কয়েকজনের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িতদের সঙ্গে যোগসাজশ করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তোলেন। সম্প্রতি আইপিএস চালানের আড়ালে শুল্ক ফাঁকির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
সভা শেষে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুর রহমান সাংবাদিকদের যাচাই করা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সাংবাদিক ও সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দের মধ্যে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে বন্দরের সমস্যা সমাধানের পথ বের হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বেনাপোল এলাকার শতাধিক সাংবাদিক ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বন্দরের উন্নয়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব শাহাবুদ্দিন, কাস্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক আলহাজ্ব আলমগীর সিদ্দিক, বন্দর বিষয়ক সম্পাদক মেহেরুল্লাহ মেম্বার ও নির্বাহী সদস্য আলহাজ্ব আমিনুল হক আনুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের সহ-সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা; বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান; সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান হোসেন রাসেল ও সহ-প্রচার সম্পাদক আকাশ হোসেন সাগর।
এ ছাড়া আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জি এম আশরাফ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, এনটিভি নিউজের শার্শা প্রতিনিধি হিরনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. আবু তাহের ভারত।




















