“সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস-২০২৬।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও ডা. মো. রবিউল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)। এ সময় ডা. মেসবাহ-উর-রহমান, ডা. মো. ফারুক ইশতিয়াক পরাগসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানুষের সামগ্রিক সুস্থতার জন্য পায়ের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্তদের পায়ে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। এসব সমস্যা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা নেওয়া জরুরি।
তারা আরও বলেন, ডায়াবেটিক ফুটসহ পায়ের বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত পা-চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে হবে। এ বিষয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল ও ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়,




















