সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক। অপরাধের আগাম তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা চত্বরে সাপ্তাহিক রোলকল ও বিশেষ ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালন করা গ্রাম পুলিশ সদস্যদের এ নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে ওসি মো. শামিনুল হক বলেন, গ্রাম পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় এলাকার অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তারা আগেভাগেই জানতে পারেন। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারি বা চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় নিজ নিজ এলাকায় চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, সন্দেহজনক ব্যক্তির চলাচলসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও থানায় জানানোর নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি রাতের বেলায় এলাকায় নিয়মিত পাহারা জোরদার এবং পুলিশের টহল দলকে সহযোগিতা করতে বলা হয়েছে। রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বাইরে থেকে সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্যও গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেন ওসি।
ব্রিফিংয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালনের আশ্বাস দেন। পরে শার্শার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত থানায় পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী শার্শায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।




















