রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিস্তানে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বৈঠক হওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়।
এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে অবস্থান নেন বলে জানা গেছে।
পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
বিকেল ৪টার দিকে পুলিশ সদস্যদের জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে বের করে আনতে দেখা যায়। তাঁদের অনেকের হাতে হাতকড়া ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়।
অভিযানের সময় একজন নেতা পুলিশের হাত থেকে বাঁচতে কার্যালয়ের আশপাশের একটি ড্রেনে লুকিয়ে পড়েন বলে জানা গেছে।
তবে পুলিশ সদস্যরা তাঁকে ড্রেন থেকে টেনে তুলে আটক করেন এবং পরে প্রিজন ভ্যানে নিয়ে যান।
ঘটনাস্থলের এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়ার পর তাঁদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এবং তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত জানায়নি।
এ ঘটনায় জাসদ কার্যালয় ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।




















