চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে রাতে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর সকালে তৈরি হয় এক হৃদয়স্পর্শী দৃশ্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর নয় বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যেই এক কাপ চায়ে পাউরুটি ভিজিয়ে ক্ষুধার্ত বাবার মুখে তুলে দেয় সে।
বাবা-মেয়ের এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার একটি বাজারের বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাজারের একটি মুদিদোকানে চুরির চেষ্টা করার অভিযোগে ওই ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে।
পরে কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন শনিবার সকাল ৮টার দিকে বাবাকে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর নয় বছর বয়সী মেয়ে।
ঘটনাস্থলে গিয়ে মেয়েটি উপস্থিত লোকজনের কাছে বাবাকে আর মারধর না করার জন্য আকুতি জানায়।
একপর্যায়ে সে বাবার হাতে থাকা চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে নিজ হাতে বাবার মুখে তুলে দিতে থাকে। চারপাশে তখন উৎসুক মানুষের ভিড়।
বাবার মুখে এক টুকরো করে রুটি তুলে দেওয়ার সময় মেয়েটিকে অসহায়ভাবে আশপাশের মানুষের দিকে তাকাতেও দেখা যায়।
এই দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে আবেগের সৃষ্টি করে। পরে বাবা-মেয়ের ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রের ভাষ্য, পরে ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার প্রতিশ্রুতি নেওয়া হয়। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে চুরির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
তিনি বলেন, পরে স্থানীয় লোকজন বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে চুরির অভিযোগ থাকলেও কাউকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখার মতো ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।




















