ঝুমঝুমপুরে বিরোধের জেরে হামলার অভিযোগ, আহতদের হাসপাতালে চিকিৎসা
যশোর প্রতিনিধি: যশোরে পূর্ব শত্রুতার জেরে শিশুসহ চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাকুর আঘাতে ছয় বছর বয়সী এক শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ঝুমঝুমপুর এলাকার বুরুজ হোসেন (৪০), আমিরুল ইসলাম (৪৫), তার ছয় বছর বয়সী মেয়ে তাবাসসুম এবং সজল (২১)।
আহতদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাবাসসুমের সঙ্গে পূর্ব বিরোধের জেরে মহিন নামে এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে এর কিছুক্ষণ পর অভিযুক্তরা পুনরায় ঘটনাস্থলে এসে তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন আহতরা। একপর্যায়ে আমিরুল ইসলামকে মারধর করা হলে তার মেয়ে তাবাসসুম বাধা দিতে এগিয়ে আসে। এ সময় চাকুর আঘাতে শিশুটি আহত হয় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যাবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।




















