খুলনার অভিজাত হোটেল টাইগার গার্ডেনের পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ আগুন লাগে।
আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার জানান, প্রাথমিকভাবে কক্ষের এসির ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ওই কক্ষে থাকা এক ব্যক্তির একটি ব্যাগ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।




















