যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrupসহ মো. বাদশা শেখ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল দিঘীরপাড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা বাদশা শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় ESkuf Cough Syrup উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা সিরাপগুলো অবৈধ মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার মো. বাদশা শেখ নড়াইল সদর উপজেলার উজিরপুর (বিলপাড়া) গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। তার মায়ের নাম রাহেলা বেগম।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) সুজন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এফআইআর নম্বর-৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১৮৩।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















