নিজস্ব প্রতিবেদক, যশোর:
অর্থের অভাবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৯ আগস্ট) সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে ‘মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং পরিবেশ পরিচ্ছন্নতা’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ভর্তি হতে না পারলে কিংবা পরীক্ষার ফি দিতে না পারলে তার দায়িত্ব নেওয়া হবে। এ ধরনের শিক্ষার্থীদের বিষয়ে জেলা প্রশাসনকে অথবা তাকে সরাসরি জানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করতে হবে। শুধু অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধেও কঠোর অবস্থানের কথা জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে শুধু পরিবার নয়, বিয়ে পড়ানো কাজী এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকেও জবাবদিহির আওতায় আনা হবে। বাল্যবিবাহ বন্ধে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানসহ জেলার বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সভাপতিরা উপস্থিত ছিলেন।




















