যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আছিয়া বেগম (২৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার কাশিপুর বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক আছিয়া বেগম শার্শা উপজেলার কাশিপুর বাজারপাড়া এলাকার আলাউদ্দীন মোড়লের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন আলাউদ্দীন মোড়লের বাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আছিয়া বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।




















