বেনাপোল প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা সর্দার নুরুল আমিন বলেছেন, খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। একই সঙ্গে ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতের কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের ব্যবস্থা দ্রুত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের সেবা আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসবি প্রধান সর্দার নুরুল আমিন বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই টুরিস্ট ভিসা চালুর বিষয়টি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতায়াতকারী যাত্রীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারেন, সে জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আমি রেলের মহাপরিচালকের সঙ্গে কথা বলব, যাতে ঢাকা থেকে বেনাপোল হয়ে সরাসরি কলকাতায় ট্রেন চলাচলের ব্যবস্থা দ্রুত করা যায়।”
এসবি প্রধানের মতে, ঢাকা-বেনাপোল-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পর্যটন, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, “এই সংযোগ চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।”
সর্দার নুরুল আমিন আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তঃযোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্তভিত্তিক বাণিজ্য আরও শক্তিশালী হবে। দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
তিনি বলেন, “দুই দেশের মানুষের চলাচল সহজ করা এবং বাণিজ্যিক কার্যক্রমকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য। খুব শিগগিরই এর ইতিবাচক ফল মানুষ দেখতে পাবে।”
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনের সময় এসবি প্রধান যাত্রীদের চলাচলের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন এবং ইমিগ্রেশন কার্যক্রমে কোনো ধরনের অপ্রয়োজনীয় হয়রানি বা বিলম্ব যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
পরিদর্শনকালে বেনাপোল ইমিগ্রেশন, স্পেশাল ব্রাঞ্চ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















