আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে , সভায় নেতারা সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু।
সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম এবং সঞ্চালনা করেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, মনিরুজ্জামান মনি, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশে পরিণত হবে। তিনি বলেন, এ সমাবেশের মাধ্যমে যুবদলের সব ইউনিট আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।” একই সঙ্গে ৫ আগস্টের আগে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভায় বক্তারা বলেন, ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা, বেনাপোল পৌর এবং উপজেলার ১১টি ইউনিয়নের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এজন্য প্রতিটি ইউনিটকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হয়ে সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে সমাবেশ সফল করতে বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।




















