যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতালের রোগী, স্বজন ও উপস্থিত লোকজন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আটক দুজন হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।
হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের দাবি, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের একটি বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাইরে না আসায় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে হেফাজতে নেয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় জমে যায়। বিষয়টি নিয়ে রোগী, স্বজন ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। কখনো তারা নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা বলেছেন, আবার কখনো দাবি করেছেন তারা বিবাহিত। তাদের বক্তব্যে অসংগতি পাওয়ায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















