যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি হলেন শার্শা উপজেলার পাঁচকায়বা ইউনিয়নের দাদখালী গ্রামের লাভলু হোসেনের ছেলে বাপ্পি হোসেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) রাতে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধার করা ইয়াবাসহ তাকে শার্শা থানায় হস্তান্তর করা হবে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।




















