বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে চেকপোস্টে আসেন। নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। এরপর তাকে তাৎক্ষণিকভাবে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহরিয়ার করিমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানার মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪, ধারা ৮/৯/১০/১১/১২/১৩ অনুযায়ী একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, “ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় শাহরিয়ার করিমকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের জন্য ঝিনাইদহ থানায় বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।




















