প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচার কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলার সিনিয়র সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে অসুস্থ জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র জগতের একজন দায়িত্বশীল সংগঠক ও অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানান।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হাসান টুকুন বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি (বাইপাস সার্জারি) করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা রয়েছে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা, সফল অস্ত্রোপচার এবং সুস্থ হয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।




















