ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে শেখ হাসিনার কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করবেন, প্রয়োজনে জামিন আবেদন করবেন এবং ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে তা ইতিবাচক দৃষ্টিতেই দেখা উচিত।তিনি আরও বলেন, ছায়া মন্ত্রিসভা যদি বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে সরকারের নীতি ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করতে পারে এবং উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরামর্শ প্রদান করে, তাহলে তা দেশের গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করতে ভূমিকা রাখবে।