প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন শার্শা উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মিয়াদ আলী। তিনি যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পাঁচটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন।
রোববার (৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসাইনের হাতে আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো তুলে দেন মিয়াদ আলী। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মিয়াদ আলী বলেন, “ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় বাহাদুরপুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। প্রান্তিক এলাকার অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্টের কথা জেনে তাদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে পাঁচটি সিলিং ফ্যান উপহার দিয়েছি। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে যখনই আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় পাশে থাকব।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষকরা যখনই আমাকে আহ্বান জানাবেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ যেকোনো প্রয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, শার্শা উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল-আমিন পারভেজ এবং ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসাইনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিদ্যালয় কর্তৃপক্ষ মিয়াদ আলীর এ মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান আরও স্বস্তিদায়ক হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




















