যশোর প্রতিনিধি:
যশোরে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ডিএইচএল (DHL)-এর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে যশোর শহরের মোমিননগর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মিকাইল ইসলাম। তিনি যশোরের নতুনহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিএইচএলের যশোরের অনুমোদিত এজেন্ট আবু হাসান জানান, মিকাইল ইসলাম একসময় যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে অবস্থিত তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পর গোপনে মোমিননগর মার্কেটের ভেতরে একটি দোকান ভাড়া নিয়ে ডিএইচএলের সাইনবোর্ড ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠানটির এজেন্ট হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, মিকাইল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মালামাল সংগ্রহ করে অন্য একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠাচ্ছিলেন। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ডিএইচএল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিকাইল ইসলামকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কতদিন ধরে এভাবে কার্যক্রম পরিচালনা করছিলেন এবং এর মাধ্যমে কোনো ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।



















