বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করেই সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানিনির্ভর এবং এই খাতটি পুরোপুরি বেসরকারি পর্যায়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের ভোক্তাদেরও এর প্রভাব বহন করতে হয়েছে। তবে সম্প্রতি বৈশ্বিক বাজারে এলপিজির দাম কমতে শুরু করায় সরকারও মূল্য সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে সাধারণ মানুষের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যুৎ বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, বরং লাগানো গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সরকারি, বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবির। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংকের করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















