যশোর প্রতিনিধি:
যশোরের ফতেপুর ইউনিয়নের প্রধান সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন রয়েছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেপুর ইউনিয়নের মেইন গেট সংলগ্ন সড়কের পাশে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) আক্তার হোসেনকে অবহিত করেন।
খবর পেয়ে ইউপি সদস্য আক্তার হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন রয়েছেন। তবে অসুস্থতার কারণে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
উদ্ধারকারী ইউপি সদস্য আক্তার হোসেন জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীর স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কেউ যদি তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনও নারীর পরিচয় শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তার পরিচয় নিশ্চিত হলে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।



















