নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত তরুণী বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত স্মৃতি (২২) ঝিকরগাছা উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা এবং আশিকুরের স্ত্রী।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, একই এলাকার আতিয়ার (৪০) দীর্ঘদিন ধরে স্মৃতিকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতে পূর্বপরিকল্পিতভাবে আতিয়ার স্মৃতির ওপর হামলা চালান। এ সময় ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আতিয়ারের স্ত্রী রাবিয়া (৩০)ও হামলায় অংশ নেন। একপর্যায়ে আতিয়ার ধারালো দা দিয়ে স্মৃতির বাম হাতে কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
স্মৃতির চিৎকার শুনে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।














